হাতে জমি মাপার সঠিক পদ্ধতি: শতক, কাঠা ও বিঘার নির্ভুল হিসাব

হাতে জমি মাপার সঠিক পদ্ধতির চিত্র, যেখানে ১ শতক, ১ কাঠা ও ১ বিঘা কত বর্গহাত এবং জমির ক্ষেত্রফল নির্ণয়ের নিয়ম দেখানো হয়েছে।

আপনার ক্রয়কৃত বা পৈতৃক জমির সীমানা কি সঠিকভাবে চিহ্নিত করা আছে? সামান্য কয়েক ইঞ্চির ভুলের কারণে অনেক সময় প্রতিবেশীর সাথে দীর্ঘদিনের আইনি বিরোধ তৈরি হয়। গ্রামে বা শহরে জমি কেনাবেচা কিংবা সীমানা নির্ধারণের সময় 'আমিনের' ওপর আমরা পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ি। তবে আপনি কি জানেন, সাধারণ কিছু গাণিতিক হিসাব এবং একটি মাপার ফিতে দিয়েই আপনার নিজের জমির পরিমাপ আপনি নিজেই যাচাই করে নিতে পারেন?  হাতে জমি মাপার সঠিক পদ্ধতি জানতে চাইলে এই গাইডে ১ শতক, ১ কাঠা ও ১ বিঘা কত বর্গহাত, কীভাবে হাত দিয়ে জমি মাপবেন এবং কীভাবে শতক, কাঠা ও বিঘায় রূপান্তর করবেন—সবকিছু ধাপে ধাপে দেখানো হয়েছে।

​এই নির্দেশিকাটিতে পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের প্রচলিত নিয়ম অনুযায়ী কীভাবে সহজে জমি মাপা যায়, তার বাস্তবসম্মত গাণিতিক ব্যাখ্যা দেওয়া হলো। এটি পড়ার পর আপনি নিজেই নিজের জমির পরিমাপ করতে পারবেন।

হাতে জমি মাপা বলতে কী বোঝায়?

​প্রথাগতভাবে জমি মাপা বলতে একটি নির্দিষ্ট স্কেল বা অনুপাত বজায় রেখে জমির চারপাশের সীমানা মেপে তার মোট ক্ষেত্রফল (Area) বের করাকে বোঝায়।

​অতীতে হাত (১৮ ইঞ্চি = ১ হাত) বা কড়ি/চেইন (Gunter's Chain) দিয়ে জমি মাপা হতো। বর্তমানে কাজের সুবিধার্থে 'মেজারিং টেপ' বা মেটাল ফিটা দিয়ে ফুট বা মিটারে দৈর্ঘ্য-প্রস্থ মাপা হয় এবং পরে তা রূপান্তর করে শতক, কাঠা বা বিঘায় প্রকাশ করা হয়।

সরকারি তথ্য

সরকারি রেকর্ড বা মৌজা ম্যাপে জমি পরিমাপের প্রধান ভিত্তি হলো কড়ি (Link) এবং ফুট (Foot)। তবে রেজিস্ট্রি দলিল বা ল্যান্ড রেকর্ডে জমির ক্ষেত্রফল প্রকাশের সরকারি একক হলো একর (Acre) এবং শতক (Decimal)

সূত্র: Directorate of Land Records & Surveys, Government of West Bengal

পশ্চিমবঙ্গের জমি পরিমাপের একক ও গাণিতিক অনুপাত

​হাতে জমি মাপার পূর্বে আপনাকে পরিমাপের মৌলিক এককগুলোর পারস্পরিক সম্পর্ক জানতে হবে।

​দৈর্ঘ্য পরিমাপের মৌলিক একক:

  • ​১ হাত = ১৮ ইঞ্চি = ১.৫ ফুট
  • ​১ গজ = ২ হাত = ৩ ফুট = ৩৬ ইঞ্চি
  • ​১ কড়ি (Link) = ৭.৯২ ইঞ্চি = ০.৬৬ ফুট
  • ​১ চেইন (Gunter's Chain) = ১০০ কড়ি = ৬৬ ফুট = ৪৪ হাত
ক্ষেত্রফল ও জমির পরিমাপের হিসাব (West Bengal Standard):
এককের নাম বর্গফুট (Sq. Ft.) বর্গহাত (Sq. Hat) বর্গগজ (Sq. Yard)
১ শতক / ডেসিমেল ৪৩৫.৬০ ১৯৩.৬ ৪৮.৪
১ ছটাক ৪৫ ২০
১ কাঠা ৭২০ (১৬ ছটাক) ৩২০ ৮০
১ বিঘা ১৪,৪০০ (২০ কাঠা) ৬,৪০০ ১,৬০০
১ একর ৪৩,৫৬০ (১০০ শতক) ১৯,৩৬০ ৪,৮৪০
Source: West Bengal Land & Land Reforms Manual

জমি মাপার প্রয়োজনীয় সরঞ্জাম

হাতে সঠিকভাবে জমি মাপার জন্য নিচের সরঞ্জামগুলো ব্যবহার করা হয়—

  1. মেজারিং টেপ (Measuring Tape): সাধারণত ১০০ ফুট বা ৫০ মিটার দৈর্ঘ্যের স্টিল বা ফাইবারের মেজারিং টেপ ব্যবহার করা হয়।

  2. সীমানা খুঁটি (Pegs/Wooden Stakes): জমির প্রতিটি কোণ, বাঁক বা সীমানার গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিত করতে ব্যবহৃত হয়।

  3. পেন্সিল, স্কেল ও নোটবুক: মাঠে পরিমাপের তথ্য সঙ্গে সঙ্গে লিখে রাখা এবং জমির একটি খসড়া নকশা (Sketch) আঁকার জন্য প্রয়োজন।

  4. নাইলনের দড়ি: সীমানা সরল রেখায় নির্ধারণ করতে এবং পরিমাপের সময় দিক ঠিক রাখতে সাহায্য করে।

ধাপে ধাপে 'হাত' দিয়ে জমি মাপার ৩টি সহজ নিয়ম (বাস্তব উদাহরণসহ)

পশ্চিমবঙ্গে ঐতিহ্যগতভাবে হাত (১৮ ইঞ্চি = ১.৫ ফুট) দিয়ে জমি মাপা এবং তা থেকে 'শতক' বা 'কাঠা' বের করার বিশেষ গাণিতিক নিয়ম রয়েছে।

​যেহেতু ১ হাত = ১.৫ ফুট, তাই পরিমাপের সুবিধার্থে নিচের রূপান্তরগুলো মনে রাখলে হিসাব করা একদম সহজ হয়ে যাবে:

  • ১ বর্গহাত = ২.২৫ বর্গফুট (১.৫ × ১.৫)
  • ১ শতক (৪৩৫.৬ বর্গফুট) = ১৯৩.৬ বর্গহাত (৪৩৫.৬ ÷ ২.২৫)
  • ১ কাঠা (৭২০ বর্গফুট) = ৩২০ বর্গহাত (৭২০ ÷ ২.২৫)
  • ১ বিঘা (১৪৪০০ বর্গফুট) = ৬,৪০০ বর্গহাত (১৪,৪০০ ÷ ২.২৫)

হাত বা ফিতে—যেটা দিয়েই মাপুন না কেন, প্রথম কাজ হলো জমির মোট 'বর্গহাত' বের করা

  • বর্গহাত থেকে শতক বের করতে: মোট বর্গহাতকে ১৯৩.৬ দিয়ে ভাগ করবেন।
  • বর্গহাত থেকে কাঠা বের করতে: মোট বর্গহাতকে ৩২০ দিয়ে ভাগ করবেন।
  • বর্গহাত থেকে বিঘায় বের করতে: মোট বর্গহাতকে ৬৪০০ দিয়ে ভাগ করবেন।

নিয়ম ১: চারকোনা জমি মাপা (বর্গাকার ও আয়তকার জমি)

​যদি আপনার জমির মুখোমুখি দু'পাশের লম্বালম্বি হাত-মাপ সমান হয় এবং পাশাপাশি দু'পাশের হাত-মাপও সমান হয়।

​কীভাবে মাপবেন?

  • ​লম্বালম্বি যেকোনো এক পাশের মাপ হাতে মেপে নিন (দৈর্ঘ্য)।
  • পাশাপাশি যেকোনো এক পাশের মাপ হাতে মেপে নিন (প্রস্থ)।
  • দৈর্ঘ্য (হাত) এবং প্রস্থ (হাত) গুণ করলেই মোট বর্গহাত পেয়ে যাবেন।

​বাস্তব উদাহরণ:

বর্গাকার ও আয়তাকার জমির দৈর্ঘ্য, প্রস্থ এবং বর্গফল নির্ণয়ের নিয়মের চিত্র।

​বর্গাকার জমি
  • আপনার জমির দৈর্ঘ্য = ৫০ হাত
  • আপনার জমির প্রস্থ = ৫০ হাত
  • মোট বর্গহাত = ৫০ × ৫০ = ২৫০০ বর্গহাত।
আয়তকার জমি
  • আপনার জমির দৈর্ঘ্য = ৪০ হাত
  • আপনার জমির প্রস্থ = ২০ হাত
  • মোট বর্গহাত = ৪০ × ২০ = ৮০০ বর্গহাত।

কত শতক, কাঠা বা বিঘা জমি আছে?

বর্গাকার জমি
  • শতকে রূপান্তর: ২৫০০ ÷ ১৯৩.৬ = ১২.৯১ শতক (প্রায়)।
  • কাঠায় রূপান্তর: ২৫০০ ÷ ৩২০ = ৭.৮১ কাঠা (প্রায়)।
  • বিঘায় রূপান্তর: ২৫০০ ÷ ৬৪০০ = ০.৩৯০৬২৫ বিঘা (প্রায়)।
আয়তকার জমি
  • শতকে রূপান্তর: ৮০০ ÷ ১৯৩.৬ = ৪.১৩ শতক (প্রায়)।
  • কাঠায় রূপান্তর: ৮০০ ÷ ৩২০ = ২.৫ কাঠা (অর্থাৎ আড়াই কাঠা)।
  • বিঘায় রূপান্তর: ৮০০ ÷ ৬৪০০ = ০.১২৫ বিঘা (প্রায়)।

নিয়ম ২: মুখোমুখি দুই পাশ অসমান হলে (গড় পদ্ধতি)

গ্রামাঞ্চলে সাধারণত জমির এক পাশ ৩৫ হাত হলে অন্য পাশ হয়তো ৩৩ হাত হয়। এই ধরনের সামান্য অসমান জমিতে 'গড় পদ্ধতি' ব্যবহার করা হয়।

কীভাবে মাপবেন?

  • দুটি দৈর্ঘ্যের (হাত) যোগফলকে ২ দিয়ে ভাগ করে 'গড় দৈর্ঘ্য' বের করুন।
  • দুটি প্রস্থের (হাত) যোগফলকে ২ দিয়ে ভাগ করে 'গড় প্রস্থ' বের করুন।
  • গড় দৈর্ঘ্য ও গড় প্রস্থ গুণ করে মোট বর্গহাত বের করুন।

বাস্তব উদাহরণ:

অনিয়মিত আকৃতির জমির গড় দৈর্ঘ্য ও গড় প্রস্থ ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয়ের চিত্র।

ধরা যাক, একটি জমির চারপাশের হাতের মাপ পেলেন
  • ১ম দৈর্ঘ্য: ৪৫ হাত
  • ২য় দৈর্ঘ্য: ৪১ হাত 
গড় দৈর্ঘ্য: (৪৫ + ৪১) ÷ ২ = ৪৩ হাত।
  • ১ম প্রস্থ: ২৫ হাত
  • ২য় প্রস্থ: ২১ হাত 
গড় প্রস্থ: (২৫ + ২১) ÷ ২ = ২৩ হাত।
মোট বর্গহাত: ৪৩ × ২৩ = ৯৮৯ বর্গহাত।

কত শতক জমি আছে?

  • শতকে রূপান্তর: ৯৮৯ ÷ ১৯৩.৬ = ৫.১০ শতক (প্রায়)।
  • কাঠায় রূপান্তর: ৯৮৯ ÷ ৩২০ = ৩.০৯০৬২৫ কাঠা।
  • বিঘায় রূপান্তর: ৯৮৯ ÷ ৬৪০০ = ০.১৫৪৫৩১২৫ বিঘা (প্রায়)।
সতর্কতা: বিপরীত দৈর্ঘ্য ও প্রস্থের মধ্যে ২-৩ হাতের বেশি পার্থক্য থাকলে এই গড় নিয়ম ব্যবহার করবেন না, তাতে ভুল মাপ আসতে পারে। এক্ষেত্রে ত্রিভুজ পদ্ধতি ব্যবহার করতে পারেন।

নিয়ম ৩: বাঁকা বা ত্যাড়া জমি মাপা (তিনকোনা/ত্রিভুজ পদ্ধতি)

​যে জমির চারপাশের হাতের মাপে কোনো মিল নেই (যেমন- উত্তর পাশে ৫০ হাত, দক্ষিণ পাশে ৪০ হাত, পূর্ব পাশে ৩০ হাত, পশ্চিম পাশে ৩৫ হাত), যেহেতু চারপাশ অসমান, তাই সাধারণ গড় নিয়মে মাপলে অনেক ভুল আসবে। তাই সেই জমিকে একটি দড়ি দিয়ে দুই ভাগ করে মাপতে হয়। কীভাবে মাপবেন? নিচে ধাপে ধাপে দেখুন:

১ম ধাপ: জমিকে দড়ি দিয়ে দুটি তিনকোনা (ত্রিভুজে) ভাগ করুন

জমির যেকোনো এক কোণ থেকে বিপরীত কোণ পর্যন্ত একটি দড়ি সোজা করে টানটান করে বাঁধুন (যাকে জ্যামিতির ভাষায় 'কর্ণ' বলে)।

ত্রিভুজ পদ্ধতিতে জমির ক্ষেত্রফল নির্ণয়ের ডায়াগ্রাম, উত্তর ৫০ হাত, পূর্ব ৩০ হাত, দক্ষিণ ৪০ হাত, পশ্চিম ৩৫ হাত এবং দড়ি ৪৫ হাত।

এখন আপনার জমিটি ১ নম্বর তিনকোনা (ত্রিভুজ ১) এবং ২ নম্বর তিনকোনা (ত্রিভুজ ২)—এই দুই ভাগে ভাগ হয়ে গেল। ধরুন, কোণাকুণি দড়ি মেপে পেলেন ৪৫ হাত।

২য় ধাপ: ১ম তিনকোনা অংশের বর্গহাত বের করা

​১ নম্বর তিনকোনার ৩টি বাহুর হাতের মাপ হলো:
  • ​AB = ৫০ হাত (উত্তর পাশ)
  • BC = ৩০ হাত (পূর্ব পাশ)
  • AC= ৪৫ হাত (কোণাকুণি দড়ির মাপ)

হিসাব করার সহজ পদ্ধতি:

  • গুগল প্লে-স্টোর থেকে একটি ফ্রি Triangle Area Calculator অ্যাপ অথবা Triangle Land Area Calculator খুলুন।
  • তিনটি ঘরে এই তিনটি মাপের মান বসান (50, 30, 45)।
  • আপনাকে ক্ষেত্রফল বা বর্গহাত বলে দেবে (৬৬৬.৫৮৫৩ বর্গহাত)।

৩য় ধাপ: ২য় তিনকোনা অংশের বর্গহাত বের করা

​২ নম্বর তিনকোনা অংশের ৩টি বাহুর হাতের মাপ হলো:
  • ​CD = ৪০ হাত (দক্ষিণ পাশ)
  • ​AD = ৩৫ হাত (পশ্চিম পাশ)
  • ​AC = ৪৫ হাত (কোণাকুণি দড়ির মাপ)

হিসাব করার পদ্ধতি:

  • একই অ্যাপে বা ক্যালকুলেটরে ৩টি বাহুর মান বসান: 40, 35, 45
  • অ্যাপ থেকে এই অংশের ক্ষেত্রফল পাবেন (৬৭০.৪২০৪ বর্গহাত)।

৪থ ধাপ: মোট জমি শতক বা কাঠায় বের করা

​এখন দুটি তিনকোনার বর্গহাত যোগ করে পুরো জমির মোট মাপ বের করুন। দুটি অংশের বর্গহাত = ১ম অংশ (৬৬৬.৫৮৫৩) + ২য় অংশ (৬৭০.৪২০৪) = ১,৩৩৭.৪০৫৭ বর্গহাত।

শতক ও কাঠায় রূপান্তর:
  • ​শতক বের করতে মোট বর্গহাতকে ১৯৩.৬ দিয়ে ভাগ করুন। (১,৩৩৭.৪০৫৭ ÷ ১৯৩.৬ = ৬.৯৮ শতক (অর্থাৎ প্রায় ৭ শতক জমি)
  • ​কাঠা বের করতে মোট বর্গহাতকে ৩২০ দিয়ে ভাগ করুন। (১,৩৩৭.৪০৫৭ ÷ ৩২০ = ৪.১৭ কাঠা (অর্থাৎ প্রায় ৪ কাঠা ৩ ছটাক জমি)
  • বিঘায় রূপান্তর: ১,৩৩৭.৪০৫৭ ÷ ৬৪০০ = ০.২০৪৯ বিঘা (প্রায়)।

জমি মাপার সময় সাধারণ ভুল ও তা এড়ানোর উপায়

❌ ভুল ১: ঝুলন্ত ফিতে দিয়ে মাপা
✔ প্রতিকার: টেপ বা ফিতে মাটির সাথে সমান্তরাল ও শক্ত করে টানটান রাখতে হবে।
❌ ভুল ২: আঁকাবাঁকা জমিকে জোর করে চারকোনা ধরে গড় বের করা
✔ প্রতিকার: জমি অসমান হলে সেটিকে একাধিক ছোট ছোট ত্রিভুজে ভাগ করে মেপে যোগ করুন।
❌ ভুল ৩: আঞ্চলিক একক ও সরকারি এককের বিভ্রান্তি
✔ প্রতিকার: পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কাঠার মাপে কিছু স্থানীয় পার্থক্য থাকলেও, সরকারি খতিয়ান বা দলিলের হিসাব সবসময় শতক (Decimal) এবং একর (Acre)-এ করা হয়। তাই সবসময় বর্গফুট থেকে শতকে রূপান্তর করুন।

সরকারি মৌজা ম্যাপ ও বাংলারভূমি নথির সাথে পরিমাপ মেলানোর উপায়

হাতে জমি মাপার পর আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার জমির মাপ সরকারি রেকর্ডের সাথে মিলছে কি না।
📏 জমিতে হাতে মাপ নেওয়া (বর্গফুট)
🔄 শতকে রূপান্তর
বর্গফুট ÷ ৪৩৫.৬০
🌐 Banglarbhumi পোর্টালে
Khatian / Plot Search
✅ রেকর্ডকৃত পরিমাপের সাথে
সরজমিনের মাপ তুলনা করুন
  1. বাংলারভূমি (Banglarbhumi) পোর্টালে যান: আপনার মৌজা, খতিয়ান নম্বর অথবা দাগ (Plot) নম্বর দিয়ে সরকারি রেকর্ডে জমির পরিমাণ কত শতক তা দেখে নিন। (Source: Banglarbhumi Portal, Land & Land Reforms Dept.)
  2. মৌজা ম্যাপ (Mouza Map) যাচাই: সরকারি মৌজা ম্যাপ সাধারণত ১৬ ইঞ্চি = ১ মাইল স্কেলে তৈরি। সেখানে গুন্টার স্কেল বা প্লটার দিয়ে নকশার সীমানা মেপে সরজমিনের মাপে মিল আছে কি না যাচাই করতে হয়।

জমি কেনার আগে জমি পরিমাপের জরুরি চেকক্লিপ

জমির চারপাশের সীমানা স্থায়ী আইল বা প্রাচীর দ্বারা চিহ্নিত কি না?
রেজিস্ট্রি দলিলের ক্ষেত্রফলের সাথে সরজমিনের বর্গফুটের মিল আছে কি না?
মৌজা ম্যাপে জমির নকশা এবং বাস্তবে জমির আকৃতি এক কি না?
পাশের জমির মালিকের সাথে সীমানা সংক্রান্ত কোনো সরকারি বিরোধ বা কেস ঝুলন্ত আছে কি না?

কখন সরকারি লাইসেন্সপ্রাপ্ত সার্ভেয়ারের প্রয়োজন?

নিজের জানার জন্য বা প্রাথমিক ধারণার জন্য হাতে জমি মাপা অত্যন্ত কার্যকরী। তবে নিচের পরিস্থিতিগুলোতে একজন সরকারি রেজিস্টার্ড আমিনের প্রয়োজন:

  • জমিতে আইনগত সীমানা বিতর্ক থাকলে।
  • ​জমি পার্টিশন (বাটোয়ারা) বা জমি রেজিস্ট্রি করার সময়।
  • ​সরকারি ল্যান্ড মিউটেশন (Mutation) বা শ্রেণী পরিবর্তন (Conversion) সংক্রান্ত কাজে।
  • ​আদালতে কোনো দেওয়ানি মামলা (Civil Suit) চলাকালীন।
আইনি নোট

হাতে মাপা বা অপ্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তির পরিমাপ আইনি বিচারে প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য নয়। আদালতে কেবল সরকারি রেজিস্টার্ড সার্ভেয়ারের ট্রাভার্স রিপোর্ট ও নকশাই গ্রহণযোগ্য।

Source: West Bengal Land and Land Reforms Act

সাধারণ জিজ্ঞাশীত প্রশ্নবলী

১. প্রশ্ন: পশ্চিমবঙ্গে ১ শতক বা ১ ডেসিমেল জমি কত বর্গফুট?
উত্তর: পশ্চিমবঙ্গে ১ শতক (বা ডেসিমেল) জমি সমান ৪৩৫.৬০ বর্গফুট (বা ৪৩৫.৬ বর্গফুট)। এছাড়া ১ শতক সমান প্রায় ১৯৩.৬ বর্গহাত বা ৪৮.৪ বর্গগজ।
২. প্রশ্ন: কত শতকে ১ কাঠা এবং কত কাঠায় ১ বিঘা হয়?
উত্তর: সরকারি ও প্রথাগত হিসাব অনুযায়ী:
  • ১.৬৫ শতক = ১ কাঠা (৭২০ বর্গফুট)
  • ২০ কাঠা = ১ বিঘা (১৪,৪০০ বর্গফুট বা ৩৩ শতক)
৩. প্রশ্ন: হাত দিয়ে জমি মাপার সময় ১ হাত বলতে কত ইঞ্চি বোঝায়?
উত্তর: জমি পরিমাপের প্রথাগত নিয়মে ১ হাত = ১৮ ইঞ্চি বা ১.৫ ফুট। সেই অনুযায়ী ১ বর্গহাত সমান ২.২৫ বর্গফুট।
৪. প্রশ্ন: সরকারি মৌজা ম্যাপে ব্যবহৃত 'কড়ি' বা 'লিঙ্ক' (Link) কী?
উত্তর: কড়ি বা লিঙ্ক হলো সরকারি আমিনদের জমি মাপার ঐতিহ্যবাহী শিকল বা চেইনের (Gunter's Chain) একটি একক। ১ কড়ি = ৭.৯২ ইঞ্চি বা ০.৬৬ ফুট। ১০০ কড়িতে ১ চেইন বা ৬৬ ফুট হয়।
৫. প্রশ্ন: জমি মাপার সাধারণ 'গড় পদ্ধতি' কি সবসময় সঠিক ফলাফল দেয়?
উত্তর: না। জমির মুখোমুখি দুই বাহুর দৈর্ঘ্যের পার্থক্য খুব সামান্য (১–২ ফুট) হলে গড় পদ্ধতি কাজ করে। কিন্তু জমি আঁকাবাঁকা, ত্যাড়া বা চার বাহুর মাপ খুব অসমান হলে গড় পদ্ধতিতে ক্ষেত্রফল মেপে জমি কিনলে আপনি ঠকে যেতে পারেন। সেক্ষেত্রে ত্রিভুজ পদ্ধতিতে (হেরনের সূত্র) মাপা উচিত।
৬. প্রশ্ন: নিজের মেপে পাওয়া জমির পরিমাপ কীভাবে সরকারি রেকর্ডের সাথে মেলাব?
উত্তর: প্রথমে সরজমিনে মেপে পাওয়া মোট বর্গফুটকে ৪৩৫.৬ দিয়ে ভাগ করে শতকে রূপান্তর করুন। তারপর পশ্চিমবঙ্গ সরকারের অফিশিয়াল ওয়েবসাইট 'Banglarbhumi' (বাংলারভূমি)-তে গিয়ে আপনার দাগ নম্বর (Plot No) ও খতিয়ান দিয়ে সরকারি রেকর্ডে আপনার নামে কত শতক জমি রেকর্ড করা আছে, তার সাথে মেপে নেওয়া শতক মিলিয়ে দেখুন।
৭. প্রশ্ন: জমিতে সীমানা নিয়ে গোলমাল হলে বিএলএলআরও (BL&LRO) অফিসে কীভাবে আবেদন করব?
উত্তর: নিজ ব্লকের BL&LRO (Block Land and Land Reforms Office) অফিসে গিয়ে নির্ধারিত ফর্মে সরকারি মাপ বা সীমানা চিহ্নিতকরণের (Demarcation) জন্য আবেদন করতে হয়। সরকারি ফি জমা দিলে সরকারি আমিন বা রাজস্ব পরিদর্শক সরজমিনে গিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করে দেন।
৮. প্রশ্ন: খতিয়ান বা দলিলে জমি 'একরে' লেখা থাকলে তা কীভাবে শতক বা কাঠায় বের করব?
উত্তর:
  • ১ একর = ১০০ শতক (৪৩,৫৬০ বর্গফুট)।
  • যেমন: দলিলে ০.০৫ একর লেখা থাকলে তা হবে ০.০৫ × ১০০ = ৫ শতক
৯. প্রশ্ন: জমি কেনাবেচার সময় আমিনের মেপে দেওয়া কাগজ কি আদালতে প্রমাণ হিসেবে গৃহীত হয়?
উত্তর: যে কোনো প্রাইভেট আমিনের মাপ বা হাত-নকশা আদালতে সরাসরি আইনি প্রমাণ হিসেবে গণ্য হয় না। শুধুমাত্র আদালত কর্তৃক নিযুক্ত কমিশনের রিপোর্ট অথবা পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্সপ্রাপ্ত সার্ভেয়ার / বিএলএলআরও অফিসের আমিনের পরিমাপিত ট্রাভার্স রিপোর্টই আইনি ও আদালতগ্রাহ্য নথি।
১০. প্রশ্ন: জমি মাপার অ্যাপ (Mobile App) দিয়ে জমি মেপে কি কেনাবেচা করা নিরাপদ?
উত্তর: মোবাইল অ্যাপগুলো মূলত আপনি যে মাপ দেবেন (যেমন- ৩টি পাশের দৈর্ঘ্য), তা গাণিতিক সূত্রে ফেলে সঠিক বর্গফুট বা শতক হিসাব করে দেয়। অ্যাপ আপনাকে হিসাব তৈরিতে সাহায্য করে, কিন্তু সরজমিনে সঠিক ফিতে দিয়ে মাপ নেওয়া অ্যাপের কাজ নয়। তাই প্রাথমিক হিসাবের জন্য অ্যাপ ব্যবহার করলেও জমি কেনাবেচার আগে অভিজ্ঞ আমিন দিয়ে মাপা উচিত।
১১. প্রশ্ন: শতক ও ডেসিমেল কি একই জিনিস?
উত্তর: হ্যাঁ, পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের ভাষায় শতক, শতাংশ এবং ডেসিমেল (Decimal) একই পরিমাপ প্রকাশ করে।
১২. প্রশ্ন: ১০০ কড়ি কত ফুট?
উত্তর: ১০০ কড়ি বা ১ গুন্টার চেইন সমান ৬৬ ফুট

উপসংহার ও ডিসক্লেইমার

​নিজের জমি নিজে মেপে রাখা একজন সচেতন নাগরিক বা গৃহমালিকের প্রাথমিক দায়িত্ব। এটি আপনাকে অযাচিত প্রতারণা থেকে রক্ষা করে। এই ব্লগে প্রদত্ত গাণিতিক সূত্র ও নিয়মাবলী অনুসরণ করে আপনি খুব সহজেই নিজের জমির প্রাথমিক পরিমাপ সম্পন্ন করতে পারবেন।

এই নিবন্ধটি শুধুমাত্র সাধারণ সচেতনতা ও শিক্ষণীয় উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের নির্দেশিকা অনুসরণে লেখা হয়েছে। এটি কোনো প্রত্যক্ষ আইনি পরামর্শ নয়। সীমানা বিতর্ক বা আইনি প্রয়োজনে সর্বদা লাইসেন্সপ্রাপ্ত সরকারি সার্ভেয়ার বা সংশ্লিষ্ট ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের (BL&LRO) শরণাপন্ন হন।

Previous Post
No Comment
Add Comment
comment url