পশ্চিমবঙ্গে জমির সরকারি মূল্য জানার উপায় | অনলাইনে ও অফিসে (২০২৬)

পশ্চিমবঙ্গে জমির সরকারি মূল্য জানার উপায় ২০২৬
পশ্চিমবঙ্গে জমির সরকারি মূল্য জানার সহজ গাইড (২০২৬)

জমি কেনার কথা ভাবলেই প্রথম যে প্রশ্নটি মাথায় আসে, সেটি হলো-সরকারি খাতায় এই জমির দাম আসলে কত? কারণ আপনি বিক্রেতার সঙ্গে দাম নিয়ে যতই আলোচনা করেন না কেন, স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন ফি হিসাব করা হয় সরকারি মূল্যের ভিত্তিতে। তাই দলিল রেজিস্ট্রেশন দিন পর্যন্ত অপেক্ষা না করে আগেই সরকারি মূল্য জেনে নেওয়া ভালো। এতে বাজেট ঠিক করা সহজ হয় এবং পরবর্তীতে অপ্রত্যাশিত খরচ বা বিভ্রান্তির ঝুঁকি কমে।

এই পোস্টে আমি দেখাব পশ্চিমবঙ্গের জমির সরকারি মূল্য জানার তিনটি পথ কী কী, কোন পরিস্থিতিতে কোনটি বেছে নেবেন, আর সরকারি মূল্য আসলে কীসের ওপর নির্ভর করে। অনলাইনে চেক করার পুরো নিয়মটিও ধাপে ধাপে এই পোস্টেই পাবেন।

জমির "সরকারি মূল্য" বলতে ঠিক কী বোঝায়

সাধারণ মানুষ অনেক সময় "সরকারি দাম" বলতে তিনটি আলাদা বিষয়কে গুলিয়ে ফেলেন। তাই শুরুতেই বিষয়গুলো পরিষ্কার করে নেওয়া ভালো।

  • সরকারি মূল্য (Market Value): রেজিস্ট্রেশন দপ্তরের ডেটাবেসে ওই জমির জন্য নির্ধারিত মূল্য, যার ভিত্তিতে স্ট্যাম্প ডিউটি হিসাব করা হয়।
  • বিক্রয়মূল্য (Sale Value): ক্রেতা ও বিক্রেতা নিজেদের মধ্যে যে দামে জমি কেনাবেচার বিষয়ে সম্মত হন।
  • খাজনা: জমির ওপর প্রতি বছর রাজ্য সরকারকে দেওয়া ভূমি রাজস্ব, যার সঙ্গে সরকারি মূল্যের সরাসরি কোনো সম্পর্ক নেই।

রেজিস্ট্রেশন দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট অনুযায়ী, মার্কেট ভ্যালু নির্ধারণে একটি ডিজিটাল ডেটাবেস রয়েছে, যেখানে রেজিস্ট্রার অফিসারের এখতিয়ারভুক্ত সব প্লট থাকে। জমির তথ্য দিলে সিস্টেম নিজেই মূল্য বের করে, আর মাঠপর্যায়ের পরিস্থিতি দেখে এই ডিজিটাল মূল্য সময়ে সময়ে সংশোধন করা হয়।

জমির সরকারি মূল্য জানার ৩টি উপায়

উপায় ১: অনলাইনে Calculation Assistance ব্যবহার করা

এটি সবচেয়ে সহজ ও সম্পূর্ণ বিনামূল্যের উপায়। এর জন্য কোনো লগ-ইন বা অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই। WB Registration ওয়েবসাইটে গিয়ে "Calculation Assistance" খুললে খালি জমি, কাঠামোসহ জমি, ফ্ল্যাট এবং স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন ফি - এই চারটি বিকল্প পাবেন। আপনার সম্পত্তির ধরন অনুযায়ী একটি বেছে নিয়ে জেলা, থানা, মৌজা, দাগ ও খতিয়ান নম্বর, জমির শ্রেণি ও পরিমাণ লিখে ক্যাপচা দিলেই মূল্য দেখা যাবে।

তবে মনে রাখবেন, এখানে দেখানো মূল্যটি নির্দেশক (indicative) মাত্র-জমি কেনার আগে বাজেট ঠিক করার জন্য এটি খুব কাজে লাগে, কিন্তু রেজিস্ট্রেশনের চূড়ান্ত প্রমাণ হিসেবে এটি ব্যবহার করা যায় না।

উপায় ২: e-Assessment করে চূড়ান্ত মূল্যায়ন করা

বিক্রেতার সঙ্গে দাম চূড়ান্ত হয়ে গেলে দলিল রেজিস্ট্রির ঠিক আগে আসে এই ধাপটি। এটি করতে হয় e-Requisition এর মাধ্যমে। সেখানে সম্পত্তির তথ্য জমা দিলে একটি e-Assessment Query Number তৈরি হয় এবং স্লিপ ডাউনলোড করা যায়। দলিল রেজিস্ট্রির সময় এই মূল্যায়নই গ্রাহ্য হয়। অর্থাৎ, প্রথম উপায়টি হলো "আন্দাজ করে দেখে নেওয়া", আর দ্বিতীয়টি হলো "সরকারিভাবে পাকা করা"।

উপায় ৩: এলাকার ADSR অফিসে যোগাযোগ করা

অনলাইনে যদি আপনার মৌজা না পাওয়া যায়, অথবা দেখানো মূল্য আপনার কাছে অস্বাভাবিক মনে হয়, তাহলে সরাসরি আপনার এলাকার Additional District Sub-Registrar অফিসে যোগাযোগ করুন। অফিসে যাওয়ার সময় পর্চার একটি কপি সঙ্গে রাখবেন।

কোন পরিস্থিতিতে কোন উপায়টি বেছে নেবেন

নিচের টেবিলটি দেখলে একনজরে বুঝতে পারবেন।

আপনার পরিস্থিতিকোন উপায়কারণ
জমি খুঁজছি, বাজেট বুঝতে চাইঅনলাইন Calculation Assistanceলগ-ইন লাগে না, তাৎক্ষণিক আন্দাজ পাওয়া যায়।
দাম ঠিক হয়ে গেছে, দলিল করবe-Assessmentরেজিস্ট্রির জন্য এই মূল্যায়নই দরকার।
মৌজা বা প্লট পোর্টালে মিলছে নাADSR অফিসঅফিসার ডেটাবেস দেখে বলে দিতে পারেন।
অনলাইন দেখানো মূল্য নিয়ে আপত্তি আছেADSR অফিসচূড়ান্ত সিদ্ধান্ত রেজিস্ট্রিং অফিসারের।

সরকারি মূল্য জানার আগে কী কী তথ্য হাতে রাখবেন

কোনো কাগজ আপলোড করতে হয় না, কিন্তু ফর্ম পূরণের সময় প্রতিটি তথ্য হাতের কাছে থাকলে ভুলের সম্ভাবনা অনেক কমে যায়। আমি সাধারণত এই জিনিসগুলো আগে গুছিয়ে নিই:

  • জমির সাম্প্রতিক পর্চা বা খতিয়ানের কপি, যেখান থেকে মৌজা, দাগ নম্বর ও জমির শ্রেণি দেখে নেওয়া যায়।
  • দাগ নম্বর RS না LR, সেটি জেনে রাখা। দাগ যদি ভাগ হয়ে থাকে, তাহলে বাটা দাগের নম্বরটিও আলাদা করে লিখে রাখা।
  • জমির সামনের রাস্তার আনুমানিক প্রস্থ ফুটে।
  • জমি কী কাজে ব্যবহার করবেন, সেই সিদ্ধান্ত।

অনলাইনে জমির সরকারি মূল্য চেক করার নিয়ম (ধাপে ধাপে)

নিচের ধাপগুলো মেনে চললে নিজের মোবাইল বা কম্পিউটার থেকেই জমির সরকারি মূল্য দেখে নিতে পারবেন। প্রতিটি ধাপে বলে দিয়েছি কোন ঘরে কী লিখবেন, কোথায় সিলেক্ট করবেন আর কোথায় টিক দেবেন। এখানে খালি জমির (Market Value of Land) ফর্মটি ধরা হয়েছে।

ধাপ ১: ওয়েবসাইটে প্রবেশ ও অপশন নির্বাচন

ব্রাউজারে wbregistration.gov.in খুলুন। হোমপেজে "Calculation Assistance" অপশনে ক্লিক করুন। এরপর "Market Value of Land" অপশনটি বেছে নিন।

wbregistration.gov.in পোর্টালে Calculation Assistance থেকে Market Value of Land ফর্ম খোলার ধাপ
Calculation Assistance-এ ক্লিক করে সম্পত্তির ধরন বেছে নিলে Market Value of Land ফর্ম খোলে

ধাপ ২: অবস্থানের তথ্য সিলেক্ট করুন

ফর্মের ওপরের অংশের সব ঘরই ড্রপডাউন বা লেখার ঘর। ক্রম মেনে একটির পর একটি পূরণ করুন, কারণ আগের ঘর না বাছলে পরের ঘরে অপশন আসে না।

  • District: ড্রপডাউন থেকে জমির জেলা সিলেক্ট করুন।
  • Thana: জেলা বাছার পর এখান থেকে থানা সিলেক্ট করুন।
  • Local Body: আপনার জমি যে পঞ্চায়েত, পৌরসভা বা কর্পোরেশনের এলাকায়, সেটি সিলেক্ট করুন।
  • Mouza: থানা বাছার আগে এই ঘরটি খালি থাকে। থানা সিলেক্ট করলে এটি চালু হয়। পর্চা বা দলিলে লেখা মৌজার নামটি সিলেক্ট করুন।
  • Road ও Road Zone: এই দুটি ঐচ্ছিক। জমি যদি সরকারি তালিকাভুক্ত কোনো নির্দিষ্ট রাস্তার গায়ে হয়, তবেই Road সিলেক্ট করুন। Road Zone ঘরটি খালি থাকে, রাস্তা বাছলে চালু হয়।
  • Premises No ও Ward No: ঐচ্ছিক। শহর এলাকায় হোল্ডিং নম্বর বা ওয়ার্ড নম্বর জানা থাকলে লিখুন। গ্রামের জমির ক্ষেত্রে ফাঁকা রাখতে পারেন।
  • Jurisdiction of ও Localbody Name: এই দুটি ঘরে ড্রপডাউন থেকে নিজের এলাকার রেজিস্ট্রি অফিস (ADSR) আর স্থানীয় প্রশাসনের নাম সিলেক্ট করুন। জেলা, থানা ও মৌজা বাছার পর এখানে আপনার এলাকার অপশনই দেখা যায়।
  • Project Name: জমি কোনো প্রমোটারের হাউজিং প্রজেক্টের অংশ হলে তার নাম সিলেক্ট করুন। সাধারণ জমির ক্ষেত্রে ফাঁকা রাখুন।
মার্কেট ভ্যালু ফর্মে জেলা, থানা, লোকাল বডি ও মৌজা সিলেক্ট করার ঘর
ফর্মের ওপরের অংশে জেলা, থানা, লোকাল বডি ও মৌজা বেছে নিন

ধাপ ৩: দাগ ও খতিয়ান নম্বর লিখুন

এই অংশের ওপরে একটি নীল লাইনে লেখা আছে যে মালিকের তথ্য পেতে LR প্লট ও LR খতিয়ান নম্বর দিতে হবে। তাই এখানে সম্ভব হলে LR নম্বরই দিন।

  • Plot No: এই ঘরের বাঁ দিকের ছোট ড্রপডাউন থেকে আগে LR বা RS সিলেক্ট করুন। তারপর পাশের ঘরে দাগ নম্বর লিখুন।
  • Bata No: দাগ নম্বরের পাশে "/" চিহ্নের পরের ঘরটি বাটা দাগের জন্য। দাগ যদি ১২৩/৪৫ হয়, তাহলে প্রথম ঘরে ১২৩ আর এই দ্বিতীয় ঘরে ৪৫ লিখুন। বাটা দাগ না থাকলে দ্বিতীয় ঘরটি ফাঁকা রাখুন।
  • Khatian No: খতিয়ান নম্বর লিখুন। টি আবশ্যক হয়, তবে নম্বর জানা থাকলে অবশ্যই দিন।
  • Bata Khatian: বাটা খতিয়ান থাকলে "/" এর পরের ঘরে তার নম্বর লিখুন, না থাকলে ফাঁকা রাখুন।
মার্কেট ভ্যালু ফর্মে LR দাগ নম্বর ও খতিয়ান নম্বর লেখার ঘর
Plot No ও Khatian No ঘরে দাগ ও খতিয়ান নম্বর লিখুন

ধাপ ৪: জমির ব্যবহার, শ্রেণি ও পরিমাণ দিন

  • Proposed Land Use: ড্রপডাউন থেকে সিলেক্ট করুন, কেনার পর জমি কী কাজে ব্যবহার করবেন।
  • Nature of Land: এই ঘরের নিচে লেখা আছে "as recorded in ROR", অর্থাৎ পর্চায় যা লেখা আছে। তাই পর্চা খুলে জমির শ্রেণি দেখে হুবহু সেটি সিলেক্ট করুন।
  • Area of Land: Acre, Decimal, Bigha, Katha, Chatak ও Sq. Feet, এই ছয়টি ঘর আছে। আপনার কাগজে জমির পরিমাণ যে এককে লেখা, শুধু সেই ঘরেই সংখ্যা লিখুন। বাকি ঘরগুলো ফাঁকা রাখুন। পাশের "Total Area of Land (Decimal)" ঘরটি ধূসর, ওখানে কিছু লিখতে হয় না। সংখ্যা দিলে সিস্টেম নিজেই মোট পরিমাণ শতাংশে দেখিয়ে দেয়।
Proposed Land Use, Nature of Land ও জমির পরিমাণ পূরণের ঘর
পর্চায় লেখা শ্রেণি অনুযায়ী Nature of Land সিলেক্ট করুন

ধাপ ৫: রাস্তা সংক্রান্ত তথ্য দিন

  • Adjacent to Metal Road: ড্রপডাউনে ডিফল্ট থাকে No। জমি পাকা রাস্তার গায়ে হলে Yes সিলেক্ট করুন
  • Approach Road Width: জমিতে ঢোকার সামনের রাস্তা কত ফুট চওড়া, সেই সংখ্যা ফুটে লিখুন। এই ঘরটি বাধ্যতামূলক।
  • This plot has any road access in any side: North, East, West ও South, চার দিকের জন্য আলাদা Yes/No রেডিও বাটন আছে। যেদিকে রাস্তা আছে, সেদিকে Yes-তে টিক দিন। যেদিকে নেই, সেদিকে No-তে থাকতে দিন।
মার্কেট ভ্যালু ফর্মে Approach Road Width ও চার দিকের রাস্তার তথ্য
সামনের রাস্তার প্রস্থ ফুটে লিখুন ও রাস্তার দিকগুলোতে টিক দিন

ধাপ ৬: ভাড়াটিয়া, বর্গাদার ও মামলার তথ্য দিন

  • Encumbered by Tenant: ড্রপডাউনে ডিফল্ট No। জমিতে ভাড়াটিয়া, লিজগ্রহীতা বা জবরদখলকারী থাকলে Yes সিলেক্ট করুন।
  • Tenant is Purchaser?: ভাড়াটিয়া থাকলে এবং তিনি নিজেই জমির ক্রেতা হলে Yes সিলেক্ট করুন। না হলে No রাখুন।
  • Bargadar: পর্চায় জমির ওপর নথিভুক্ত বর্গাদার থাকলে Yes, না থাকলে No সিলেক্ট করুন।
  • Bargadar is Purchaser?: বর্গাদার নিজেই ক্রেতা হলে Yes-তে টিক দিন। বর্গাদার না থাকলে এই ঘরটি ধূসর দেখায় এবং No-ই থাকে, তখন কিছু করতে হয় না।
  • Litigated Property: জমি নিয়ে আদালতে মামলা চললে Yes-তে টিক দিন। না চললে No-তে থাকতে দিন।
মার্কেট ভ্যালু ফর্মে ভাড়াটিয়া, বর্গাদার ও মামলার তথ্য সিলেক্ট করার ঘর
জমির আইনি অবস্থা অনুযায়ী Yes বা No বেছে নিন

এই ঘরগুলোতে সব ক্ষেত্রেই ডিফল্ট উত্তর আগে থেকে বসানো থাকে। তাই নিজের জমির সঙ্গে না মিললে তবেই বদলান। না মিলিয়ে অনুমানে Yes বা No দিলে মূল্য ভুল আসতে পারে।

ধাপ ৭: ক্যাপচা লিখে মূল্য দেখুন

ফর্মের নিচের দিকে "Type the characters shown" লেখা ঘরের পাশে একটি নীল বাক্সে কয়েকটি অক্ষর ও সংখ্যা দেখানো থাকে। সেগুলো হুবহু পাশের ফাঁকা ঘরে টাইপ করুন। অক্ষর পড়তে না পারলে "Try new characters" বাটনে ক্লিক করলে নতুন ক্যাপচা আসে। এবার সব তথ্য আরেকবার মিলিয়ে নিয়ে নিচের নীল "Display Market Value" বাটনে ক্লিক করুন। আপনার জমির সরকারি মূল্য স্ক্রিনে দেখা যাবে।

ক্যাপচা লিখে Display Market Value বাটনে ক্লিক করার ঘর
ক্যাপচা লিখে Display Market Value বাটনে ক্লিক করলে মূল্য দেখা যায়

জমির সরকারি মূল্য কীসের ওপর নির্ভর করে

একই গ্রামের দুটি জমির সরকারি মূল্য আলাদা হতে পারে। এর কারণ হলো, পোর্টাল কেবল জমির পরিমাণ দেখে দাম বলে না। আপনি যে তথ্যগুলো দেন, সেগুলোর ওপরই মূল্য দাঁড়িয়ে থাকে। প্রধান বিষয়গুলো হলো:

  1. অবস্থান: জেলা, থানা, স্থানীয় প্রশাসন (পঞ্চায়েত বা পৌরসভা) ও মৌজা। শহরের কাছাকাছি মৌজা আর প্রত্যন্ত মৌজার মূল্য স্বাভাবিকভাবেই এক হয় না।
  2. জমির প্রকৃতি: পর্চা বা খতিয়ানে জমির যে শ্রেণি লেখা আছে, যেমন বাস্তু, শালি বা ডাঙ্গা। ফর্মে এটি হুবহু মিলিয়ে দিতে হয়।
  3. প্রস্তাবিত ব্যবহার: কেনার পর আপনি জমিটি আবাসিক, বাণিজ্যিক নাকি কৃষির কাজে লাগাতে চান। ব্যবহার বদলালে মূল্যও বদলাতে পারে।
  4. রাস্তার অবস্থা: জমি পাকা রাস্তার গায়ে কি না, সামনের রাস্তা কত ফুট চওড়া, আর কোন কোন দিকে রাস্তা আছে।
  5. জমির পরিমাণ: একর, শতাংশ, বিঘা, কাঠা, ছটাক বা বর্গফুট, যে এককে আপনার কাগজে লেখা আছে।
  6. আইনি অবস্থা: জমিতে নথিভুক্ত বর্গাদার, ভাড়াটিয়া বা মামলা আছে কি না, সেই তথ্যও ফর্মে জানাতে হয়।

জমির শ্রেণি বা ব্যবহার নিয়ে কখনও দ্বিধায় পড়লে জমির শ্রেণি পরিবর্তন সংক্রান্ত নিয়ম একবার দেখে নিতে পারেন।

সরকারি মূল্য আর আসল দাম আলাদা হলে কী হয়

অনেকেই ভাবেন, সরকারি মূল্য মানেই জমির আসল বাজারদর। বাস্তবে দুটি আলাদা জিনিস। নিয়ম হলো, স্ট্যাম্প ডিউটি নির্ধারণের সময় সরকারি মূল্য আর বিক্রয়মূল্য, এই দুইয়ের মধ্যে যেটি বেশি, সেটি ধরা হয়।

এটি একটি ব্যাখ্যামূলক উদাহরণ, অফিশিয়াল হিসাব নয়।

ধরুন, আপনি একটি জমি ১৮ লক্ষ টাকায় কিনছেন, কিন্তু পোর্টালে সেই জমির সরকারি মূল্য দেখাচ্ছে ২২ লক্ষ টাকা। তাহলে স্ট্যাম্প ডিউটি ধরা হবে ২২ লক্ষ টাকার ওপর। উল্টো দিকে, যদি আপনি ২৪ লক্ষ টাকায় কেনেন, তাহলে ২৪ লক্ষ টাকার ওপরই ধরা হবে।

স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন ফির হার কত, সেটি জানতে স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন ফি পোস্টটি দেখুন।

সাধারণ ভুল আর সেগুলো এড়ানোর উপায়

  • ভুল জমির শ্রেণি বেছে নেওয়া: মুখে মুখে যা শুনেছেন সেটি নয়, পর্চায় যা লেখা আছে ঠিক সেটিই নির্বাচন করুন
  • একই জমির জন্য একাধিক এককে সংখ্যা বসিয়ে ফেলা: কাগজে যে এককে পরিমাণ লেখা, শুধু সেই ঘরেই সংখ্যা দিন। বাকি ঘর ফাঁকা রাখুন।
  • ভুল থানা বা স্থানীয় প্রশাসন বেছে নেওয়া: এতে ড্রপডাউনে আপনার মৌজা দেখাবে না। তখন প্রথমে এই দুটি ঘর আবার মিলিয়ে নিন।
  • রাস্তার তথ্য এড়িয়ে যাওয়া: রাস্তার প্রস্থ আর কোন দিকে রাস্তা আছে, এই তথ্যগুলো মূল্যে প্রভাব ফেলতে পারে, তাই আন্দাজে না দিয়ে সঠিক মাপ দিন
  • অনলাইনের মূল্যকে চূড়ান্ত ধরে নেওয়া: পোর্টালের Calculation Assistance শুধু একটি ধারণা দেয়। রেজিস্ট্রির আগে e-Assessment করাতেই হবে।

সাধারণ জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

প্রশ্ন: জমির সরকারি মূল্য আর খাজনা কি একই জিনিস?

উত্তর: না, দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। সরকারি মূল্য ঠিক হয় রেজিস্ট্রেশন দপ্তরের ডেটাবেসে, আর স্ট্যাম্প ডিউটি হিসাবের কাজে লাগে। খাজনা হলো জমির ওপর প্রতি বছর দেওয়া ভূমি রাজস্ব, যা ভূমি দপ্তরের (বাংলারভূমি) বিষয়।

প্রশ্ন: পোর্টালে আমার মৌজার নাম খুঁজে পাচ্ছি না, তাহলে কী করব?

উত্তর: প্রথমে দেখে নিন জেলা, থানা আর স্থানীয় প্রশাসন ঠিকভাবে বেছেছেন কি না, কারণ মৌজার তালিকা এই তিনটির ওপর নির্ভর করে। তারপরও না পেলে আপনার এলাকার ADSR অফিসে যোগাযোগ করুন। দপ্তরের হেল্পডেস্কের ইমেল ঠিকানা হলো help-enathikaran@gov.in।

প্রশ্ন: একই মৌজার দুটি জমির সরকারি মূল্য আলাদা কেন হয়?

উত্তর: কারণ মূল্য শুধু মৌজার ওপর নির্ভর করে না। জমির শ্রেণি, প্রস্তাবিত ব্যবহার, রাস্তার প্রস্থ, কোন দিকে রাস্তা আছে, এই সব তথ্য মূল্যে প্রভাব ফেলে। তাই দুটি জমি পাশাপাশি হলেও তথ্য আলাদা হলে মূল্যও আলাদা আসতে পারে।

প্রশ্ন: চাষের জমির সরকারি মূল্য কীভাবে জানব?

উত্তর: "Market Value of Land" অপশন বেছে নিন। জমির প্রকৃতি ঘরে পর্চায় লেখা শ্রেণিটি নির্বাচন করুন, আর প্রস্তাবিত ব্যবহার ঘরে Agricultural বেছে নিন। বাকি তথ্য অবস্থান আর পরিমাণ অনুযায়ী দিলেই মূল্য দেখা যাবে।

প্রশ্ন: সরকারি মূল্য কি নির্দিষ্ট সময় পরপর বদলায়?

উত্তর: রেজিস্ট্রেশন দপ্তর অনুযায়ী, ডিজিটাল মূল্য মাঠপর্যায়ের পরিস্থিতি অনুযায়ী সময়ে সময়ে সংশোধন করা হয়। তবে কত দিন পরপর হবে, তার কোনো নির্দিষ্ট মেয়াদ বলা যায় না। তাই আজ যে মূল্য দেখছেন, কয়েক মাস পরে সেটি অন্যরকম হতেও পারে।

প্রশ্ন: পোর্টালে দেখা মূল্য কি রেজিস্ট্রির সময় প্রমাণ হিসেবে দেওয়া যায়?

উত্তর: না। Calculation Assistance থেকে পাওয়া মূল্য শুধু একটি নির্দেশক হিসাব। রেজিস্ট্রির জন্য WB Registration পোর্টালে e-Assessment করাতে হয়, যেখান থেকে Query Number আর স্লিপ পাওয়া যায়।

শেষ কথা

জমির সরকারি মূল্য জানার সবচেয়ে সহজ শুরু হলো WB Registration এর Calculation Assistance, আর চূড়ান্ত কাজের জন্য রয়েছে e-Assessment আর ADSR অফিস। আমার পরামর্শ হলো, বিক্রেতার সঙ্গে দাম পাকা করার আগেই একবার অনলাইনে মূল্যটি দেখে নিন। তাহলে স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন খরচসহ আপনার মোট বাজেট আগেই পরিষ্কার হয়ে যাবে।

এই পোস্টের তথ্য সাধারণ সচেতনতার জন্য লেখা। নিয়ম, মূল্য ও পোর্টালের ফর্ম সময়ে সময়ে বদলাতে পারে। আইনি সিদ্ধান্ত নেওয়ার আগে অফিশিয়াল পোর্টাল বা সংশ্লিষ্ট ADSR অফিস থেকে তথ্য যাচাই করে নিন।

তথ্যসূত্র: Directorate of Registration and Stamp Revenue, West Bengal: wbregistration.gov.in

Digital Bhumi
Ali Ahmed

আমি তিন বছর ধরে পশ্চিমবঙ্গের জমি-জমা ও সরকারি প্রকল্প নিয়ে কাজ করছি। ভূমি পোর্টালের কাজগুলো নিজে দেখি, সরকারি নোটিস মিলিয়ে দেখি, তারপর সহজ ভাষায় লিখি। যাতে সাধারণ মানুষ নিজেই আবেদন করতে পারেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url