জমির দাগ নম্বর ভুল হলে কী করবেন? সংশোধনের নিয়ম ২০২৬

জমির দাগ নম্বর ভুল হলে কী করবেন
জমির দাগ নম্বর ভুল হলে কী করবেন

মৌজার পুরো জমিকে ছোট ছোট ভাগে ভাগ করে প্রতিটা টুকরোকে একটা নম্বর দেওয়া হয়, এটাই হলো দাগ নম্বর। দলিল, খতিয়ান, মৌজা ম্যাপ সবখানে এই নম্বর দিয়েই জমি শনাক্ত করা হয়।

জমির কাগজপত্রে দাগ নম্বর একটা খুবই জরুরি তথ্য। কারণ এই নম্বর দেখেই সরকারি রেকর্ডে বোঝা যায় কোন জমিটা আসলে কার। তাই জমির দাগ নম্বর ভুল হলে পরে মিউটেশন, জমি বিক্রি, বা জমির তথ্য যাচাই করার সময় ঝামেলা হতে পারে।

তবে দাগ নম্বরে ভুল দেখলেই ঘাবড়ে যাওয়ার দরকার নেই। প্রথমে দেখতে হবে ভুলটা আসলে কোথায় হয়েছে। সরকারি ভূমি রেকর্ডে, নাকি আপনার রেজিস্ট্রি দলিলে। কারণ দুটো জায়গার ভুল ঠিক করার নিয়ম আলাদা। চলুন, সহজ ভাষায় পুরো বিষয়টা বুঝে নেওয়া যাক।

জমির দাগ নম্বর ভুল হওয়ার সাধারণ কারণ!

দাগ নম্বর ভুল দেখানোর পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। যেমন -
  • পুরনো সাবেক (RS) দাগ থেকে নতুন হাল (LR) দাগে রূপান্তরের সময় গরমিল হওয়া।
  • দলিল লেখার সময় টাইপিং মিস্টেকের কারণে ভুল নম্বর বসে যাওয়া।
  • সরকারি রেকর্ড আপডেটের সময় তথ্য এন্ট্রিতে ভুল হওয়া।
  • জমির রেকর্ডে কোনো সংশোধন বা পরিবর্তনের পর তথ্য ঠিকভাবে আপডেট না হওয়া।
তাই কোনো একটা নম্বর দেখেই সেটাকে সঙ্গে সঙ্গে ভুল বলে ধরে নেওয়া ঠিক না। আগে সংশ্লিষ্ট রেকর্ড ভালোভাবে যাচাই করা দরকার।

প্রথমে বুঝুন - জমির দাগ নম্বর সত্যিই ভুল কিনা?

  1. আপনার কাছে থাকা রেজিস্ট্রি দলিল, পরচা/RoR, খাজনার রসিদ আর অন্যান্য কাগজপত্র একসাথে মিলিয়ে দেখুন।
  2. বিশেষ করে পুরনো জমির ক্ষেত্রে RS দাগ আর LR দাগ আলাদা হতে পারে। তাই দলিলে পুরনো RS দাগ লেখা থাকলেও বর্তমান সরকারি রেকর্ডে অন্য একটা LR দাগ দেখাতে পারে।

এই কারণেই শুধু দলিলের দাগ নম্বরের সাথে অনলাইন রেকর্ডের দাগ নম্বর না মিললেই যে সত্যিই ভুল হয়েছে, তা কিন্তু নয়। আগে ভালোভাবে যাচাই করে নিশ্চিত হওয়াটাই জরুরি।

RS এবং LR দাগ নম্বরের মধ্যে পার্থক্য

তুলনার বিষয় RS (Revisional Settlement) LR (Land Reforms)
রেকর্ডের ধরন আগের Revisional Settlement জরিপে তৈরি রেকর্ড। ভূমি সংস্কারের পরে তৈরি আপডেটেড রেকর্ড।
ব্যবহার পুরনো দলিল, খতিয়ান ও রেকর্ড যাচাইয়ে কাজে লাগে। বর্তমানের বেশিরভাগ প্রশাসনিক কাজে ব্যবহার হয়।
Banglarbhumi-তে উপস্থিতি পুরনো রেকর্ড হিসেবে অনেক ক্ষেত্রে দেখা যায়। যেখানে আপডেটেড রেকর্ড আছে, সেখানে দেখানো হয়।
সতর্কতা RS দাগ নম্বর সবসময় LR দাগের সাথে মিলবে, এমন না। দলিল, রেকর্ড ও মৌজা ম্যাপ মিলিয়ে যাচাই করা ভালো।

দাগ নম্বর ভুল হলে কী কী সমস্যা হতে পারে?

অনেকেই ভাবেন, "জমি তো আমার দখলেই আছে, দলিল আছে, সীমানাও ঠিক আছে একটা নম্বর ভুল হলে আর কী এমন হবে!" এটা একটা বড় ভুল ধারণা। পশ্চিমবঙ্গের ভূমি বা সম্পত্তি হস্তান্তর আইন অনুযায়ী দাগ নম্বর ভুল থাকা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর ফলে যা যা হতে পারে-

জমির মালিকানা নিয়ে সমস্যা: দলিলে সঠিক দাগ নম্বর থাকাটা খুব জরুরি, কারণ এই নম্বর দেখেই বোঝা যায় ঠিক কোন জমিটা কেনাবেচা হচ্ছে। ধরুন, ভুলে আপনার দলিলে অন্য কারো জমির দাগ নম্বর লেখা হয়ে গেল। মানে আপনি যে জমিটা কিনেছেন, তার সঠিক নম্বর দলিলে নেই। এতে পরে জমির মালিকানা প্রমাণ করা বা জমি শনাক্ত করা কঠিন হয়ে যেতে পারে।

ব্যাঙ্ক লোন বা জমি বন্ধক রাখতে সমস্যা হতে পারে: জমি বন্ধক রেখে ব্যাঙ্ক থেকে লোন নিতে গেলে ব্যাঙ্ক দলিল আর সরকারি রেকর্ড মিলিয়ে দেখে। দাগ নম্বরে অমিল থাকলে লোন পেতে সমস্যা হতে পারে। এমন হলে ব্যাঙ্ক অতিরিক্ত কাগজ, সংশোধিত নথি বা আইনি মতামত চাইতে পারে। ফলে লোন পেতে দেরি হতে পারে, এমনকি আবেদনও বাতিল হয়ে যেতে পারে।

ভবিষ্যতে জমি বিক্রি করতে সমস্যা হতে পারে: পরে জমিটা বিক্রি করতে গেলে ভুল দাগ নম্বরের কারণে সমস্যা হতে পারে। ক্রেতা বা তাঁর আইনজীবী দলিল ও সরকারি রেকর্ড মিলিয়ে দেখার সময় ভুলটা ধরে ফেলবেন। এতে ক্রেতা জমি কিনতে রাজি নাও হতে পারেন।

জমির দাগ নম্বর ভুল হলে করণীয়

পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল বাংলারভূমি পোর্টালে গিয়ে দাগ নম্বরটি ভালোভাবে যাচাই করে নিন। দলিলে থাকা তথ্যের সঙ্গে সরকারি ভূমি রেকর্ডের তথ্য মিলিয়ে দেখা জরুরি। কীভাবে এই তথ্যগুলো যাচাই করবেন, তা নিচে সহজভাবে দেওয়া হলো।

ধাপ ১: Banglarbhumi পোর্টালে জমির তথ্য যাচাই করুন

প্রথমে ​Banglarbhumi পোর্টালে যান। Sign In বাটনে ক্লিক করে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। অ্যাকাউন্ট না থাকলে Sign Up বাটনে ক্লিক করে নতুন অ্যাকাউন্ট তৈরি করে নিন।

Banglarbhumi পোর্টালে জমির তথ্য দেখার নিয়ম
Banglarbhumi Know Your Property

হোমপেজ থেকে "Know Your Property" অপশনটি ক্লিক করুন। 
  • প্রথমে District, Block, Mouza (সাথে JL No.) সিলেক্ট করুন।
  • এবার Search by Plot অপশন সিলেক্ট করে সঠিক দাগ নম্বরটি লিখুন। তারপর ক্যাপচা পূরণ করে View বাটনে ক্লিক করুন।
  • এখানে দাগ নম্বরের মোট জমির পরিমাণ, জমির শ্রেণি এবং বর্তমানে কার নামে কতটা জমি রেকর্ড রয়েছে, তা দেখতে পাবেন।

​ধাপ ২: RS-LR Information দিয়ে দাগ নম্বর মিলিয়ে নিন

​যদি RS ও LR দাগ নম্বর নিয়ে সমস্যা হয়, তাহলে Citizen Services থেকে RS-LR Information অপশনে যান।

Banglarbhumi Citizen Services থেকে RS-LR Information অপশনে যাওয়ার নিয়ম
Citizen Services থেকে RS-LR Information অপশনে যান।

প্রয়োজনীয় তথ্য দিয়ে সার্চ করলে সংশ্লিষ্ট মৌজার RS ও LR দাগ নম্বরের তথ্য দেখতে পাবেন। এরপর দলিলে থাকা দাগ নম্বরের সঙ্গে সরকারি রেকর্ডের তথ্য মিলিয়ে নিন। পুরাতন দলিলে যদি RS দাগ নম্বর থাকে, তাহলে বর্তমান LR রেকর্ডে সেই জমির দাগ নম্বর কী রয়েছে সেটিও যাচাই করা গুরুত্বপূর্ণ।

RS-LR Information
জমির RS-LR দাগ নম্বর যাচাই

ধাপ ৩: সরকারি রেকর্ডে দাগ নম্বর ভুল হলে কী করবেন? 

যদি যাচাই করে দেখা যায় যে আপনার দলিলে সঠিক দাগ নম্বর রয়েছে, কিন্তু সরকারি ভূমি রেকর্ডে দাগ নম্বর ভুল, তাহলে সংশ্লিষ্ট ভূমি দপ্তরে বিষয়টি জানাতে হবে। এরজন্য নিচের পদ্ধতিটি অনুসরণ করতে পারেন।

Banglarbhumi Public Grievance থেকে Grievance Application করার নিয়ম
Public Grievance-এ ক্লিক করে Grievance Application অপশনে ক্লিক করুন।
Banglarbhumi পোর্টালের Public Grievance ক্লিক করে Grievance Application অপশনে ক্লিক করুন।
  • District, Block, Mouza সিলেক্ট করুন।
  • Petition Type অপশনে থেকে Mutation সিলেক্ট করুন।
  • Petition Details ঘরে স্পষ্ট করে লিখুন, কোন দাগ নম্বরটি ভুল আছে এবং সঠিক দাগ নম্বর কী হওয়া উচিত
  • Khatian Exists?-এ আপনার খতিয়ান থাকলে Yes, না থাকলে No সিলেক্ট করুন।
  • এরপর First Name, Last Name, Address পূরণ করুন।
  • Type of Guardian (যেমন Father) ও Guardian Name লিখুন, তারপর Gender সিলেক্ট করুন।
  • Aadhaar No. ও Mobile No. দিন - মোবাইল নম্বরটি আধার/ব্যাংকের সঙ্গে লিংক করা থাকতে হবে, কারণ এখানে OTP যাচাই করা হবে। চাইলে Email-ID-ও দিতে পারেন।
  • সবশেষে Plot Details সেকশনে "+" বাটনে ক্লিক করে আপনার Khatian No. ও Plot No. যোগ করুন।
  • সবশেষে ক্যাপচা কোডটি নির্দিষ্ট ঘরে লিখে সাবমিট বাটনে ক্লিক করুন।
আবেদন জমা দেওয়ার পর একটি UPN Number পাবেন। এই নম্বর দিয়ে Grievance Status/Description অপশন থেকে আবেদনের স্ট্যাটাস যেকোনো সময় দেখে নিতে পারবেন।

প্রয়োজনে BL&LRO অফিসে যোগাযোগ করুন

অনলাইনে বিষয়টির সমাধান না হলে বা জমির রেকর্ড নিয়ে বিস্তারিত যাচাইয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট BL&LRO অফিসে যোগাযোগ করতে পারেন। সেখানে আপনার সমস্যাটি লিখিতভাবে জানিয়ে সংশ্লিষ্ট নথি দেখাতে পারেন।
  • মূল রেজিস্ট্রি দলিল
  • আপডেটেড খাজনার রসিদ
  • আগের ও বর্তমান পরচা/RoR
  • নিজের পরিচয়পত্র
  • প্রয়োজনে মৌজা ম্যাপের কপি
আবেদনপত্র জমা দেওয়ার পর কোনো কোনো ক্ষেত্রে বিষয়টির প্রকৃতি অনুযায়ী অতিরিক্ত তদন্ত বা শুনানির প্রয়োজনও হতে পারে। শুনানি শেষে সব তথ্য সঠিক প্রমাণিত হলে সরকারি ডাটাবেসে দাগ নম্বর সংশোধন করে দেওয়া হয়।

ধাপ ৪: রেজিস্ট্রি দলিলেই দাগ নম্বর ভুল হলে কী করবেন?

এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যদি ভুলটি রেজিস্ট্রি করা দলিলের মধ্যেই থাকে, তাহলে শুধু Banglarbhumi-তে অভিযোগ করলেই দলিলের ভুল ঠিক হবে না। কারণ রেজিস্ট্রি দলিল সংশোধনের বিষয়টি ভূমি রেকর্ড সংশোধনের থেকে আলাদা। এক্ষেত্রে যেমন নতুন দলিল রেজিস্ট্রি হয় ঠিক তেমনি করতে হবে।
  • প্রথমে জমির বিক্রেতা বা তার আইনি ওয়ারিশ এবং সাক্ষীদের সাথে যোগাযোগ করুন।
  • দলিল লেখকের মাধ্যমে দলিলের ড্রাফট বা খসড়া তৈরি করুন। এই খসড়াতে উল্লেখ করতে হবে, কোথায় ভুল রয়েছে।
  • e-Requisition ফর্ম পূরণ করুন এবং সেটা প্রিন্ট করুন।
  • StampDuty এবং রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করে, রশিদ প্রিন্ট করে রাখুন।
  • দলিল রেজিস্ট্রেশন করার জন্য অনলাইনে স্লট বুকিং করুন।
  • নির্দিষ্ট তারিখে রেজিস্ট্রেশন অফিসে (ADSR Office) ক্রেতা, বিক্রেতা, সাক্ষী এবং সমস্ত ডকুমেন্টস সাথে নিয়ে Rectification Deed রেজিস্ট্রি করতে হবে।
পশ্চিমবঙ্গে জমির দলিলে ভুল সংশোধন করার সম্পূর্ণ ধাপ
দলিল সংশোধন করার সম্পুর্ণ প্রক্রিয়া

এরপর কী করবেন?

দলিল সংশোধন হয়ে গেলে সেই সংশোধিত দলিলের ভিত্তিতে সরকারি রেকর্ডেও জমির দাগ নম্বর পরিবর্তনের জন্য BL&LRO অফিসে আবেদন করতে হতে পারে।

দলিল ও সরকারি রেকর্ড, দুটোতেই দাগ নম্বর আলাদা হলে?

এই পরিস্থিতিতে তাড়াহুড়ো করে কোনো একটি নম্বরকে সঠিক ধরে আবেদন করবেন না। প্রথমে নিচের নথিগুলো মিলিয়ে দেখুন-
  1. রেজিস্ট্রি দলিল
  2. পুরাতন RS রেকর্ড
  3. বর্তমান LR রেকর্ড
  4. পরচা/RoR
  5. মৌজা ম্যাপ
  6. খাজনার রেকর্ড
এরপর কোথায় তথ্যের গরমিল হয়েছে সেটি চিহ্নিত করুন। যদি দলিলের ভুল হয়, তাহলে রেজিস্ট্রেশন সংক্রান্ত সংশোধনের পথ অনুসরণ করতে হবে। আর সরকারি ভূমি রেকর্ডে ভুল হলে সংশ্লিষ্ট ভূমি দপ্তরের মাধ্যমে রেকর্ড সংশোধনের ব্যবস্থা নিতে হবে।

একটি সহজ উদাহরণ

ধরুন, আপনার রেজিস্ট্রি দলিলে দাগ নম্বর লেখা আছে ১২৩। কিন্তু Banglarbhumi-তে খুঁজে দেখলেন আপনার জমির বর্তমান রেকর্ডে দাগ নম্বর ৪৫৬। এখনই ধরে নেবেন না যে সরকারি রেকর্ড ভুল। যদি RS-LR পরিবর্তনের কারণে নম্বর বদলে যায় (RS দাগ নম্বর ১২৩ এবং LR দাগ নম্বর ৪৫৬), তাহলে এটি ভুল নয়।

কিন্তু যদি আপনার দলিল, পুরনো রেকর্ড এবং অন্যান্য নথিতে দাগ নম্বর ১২৩ থাকে এবং বর্তমান সরকারি রেকর্ডে দাগ নম্বর ৪৫৬ হয়, তাহলে সংশ্লিষ্ট ভূমি দপ্তরে বিষয়টি জানিয়ে রেকর্ড সংশোধনের ব্যবস্থা নিতে হবে।

​সাধারণ ভুল যেগুলো মানুষ বেশিরভাগ সময় করে থাকেন

​দলিল সংশোধনের সময় ভুলবশত কিছু ভুল হয়ে গেলে পুরো প্রক্রিয়াটি আবার বাতিল যেতে পারে। তাই নিচের ভুলগুলো এড়িয়ে চলুন:

চৌহদ্দি বা সীমানা না মিলিয়ে সংশোধন করা: সংশোধন দলিলে শুধুমাত্র দাগ নম্বর পরিবর্তন করছেন, কিন্তু সেই সঠিক দাগ নম্বরটির চারদিকের সীমানা (Boundary) মূল দলিলের সীমানার সাথে মিলছে কিনা তা মৌজা ম্যাপ দেখে যাচাই করছেন না। এটি পরে বড় আইনি বিবাদের কারণ হতে পারে।

সাক্ষীদের অনুপস্থিতি বা পরিবর্তন: সম্ভব হলে মূল দলিল রেজিস্ট্রির সময় যে সাক্ষীরা ছিলেন, সংশোধন দলিলের সময়ও তাঁদেরকেই সাক্ষী হিসেবে রাখার চেষ্টা করুন। এতে দলিল-সংক্রান্ত যাচাই প্রক্রিয়া আরও সহজ হতে পারে।

বিএলআরও অফিসে রেকর্ড না করা: অনেকেই ভাবেন রেজিস্ট্রি অফিস থেকে রেকটিফিকেশন ডিড করিয়ে নিলেই কাজ শেষ। তাঁরা বিএলআরও অফিসে গিয়ে মিউটেশন করান না। এর ফলে সরকারি পোর্টালে পুরনো ভুল দাগ নম্বরটিই থেকে যায়, যা পরে জমি বিক্রির সময় বড় সমস্যা তৈরি করে।

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

প্রশ্ন ১: দাগ নম্বর সংশোধনে কতদিন সময় লাগে?

উত্তর: সবার ক্ষেত্রে একই সময় লাগে না। ভুলের ধরন, নথিপত্র, যাচাই, তদন্ত বা শুনানির প্রয়োজন আছে কি না—এসব বিষয়ের উপর সময় নির্ভর করতে পারে।

প্রশ্ন ২: দলিলে দাগ নম্বর ভুল হলে কি দলিল বাতিল হয়ে যায়?

উত্তর: শুধু দাগ নম্বর ভুল হলেই দলিল সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যায়, এমন নয়। দলিলের অন্য তথ্য দিয়ে জমিটি পরিষ্কারভাবে চেনা যাচ্ছে কি না এবং ভুলটি কী ধরনের, তার ওপর বিষয়টি নির্ভর করে। তবে ভবিষ্যতে সমস্যা এড়াতে ভুল থাকলে আইনসম্মতভাবে সংশোধন করা ভালো।

প্রশ্ন ৩: দলিলে দাগ নম্বর ভুল কিন্তু জমির চৌহদ্দি ঠিক আছে, তাহলে কী হবে?

উত্তর: চৌহদ্দি ঠিক থাকলেও ভুল দাগ নম্বরকে অবহেলা করা উচিত নয়। দলিলের দাগ নম্বর, খতিয়ান, জমির পরিমাণ ও চৌহদ্দি মিলিয়ে আসল জমিটি নিশ্চিত করতে হবে। ভুল প্রমাণিত হলে প্রয়োজন অনুযায়ী সংশোধনের ব্যবস্থা করা ভালো।

প্রশ্ন ৪: জমির দাগ নম্বর ভুল থাকলে কি মিউটেশন করা যাবে?

উত্তর: দলিলের দাগ নম্বর এবং সরকারি রেকর্ডের মধ্যে মিল না থাকলে মিউটেশনের সময় সমস্যা বা অতিরিক্ত যাচাই হতে পারে। তাই মিউটেশনের আগে দলিল ও সরকারি রেকর্ডের তথ্য মিলিয়ে নেওয়া ভালো। প্রয়োজন হলে আগে ভুলটি সংশোধন করতে হতে পারে।

প্রশ্ন ৫: বাংলারভূমিতে দাগ নম্বর দিয়ে জমির তথ্য না এলে কী করব?

উত্তর: শুধু দাগ নম্বর দিলেই তথ্য না আসার মানে দাগ নম্বর ভুল—এটা সবসময় নয়। মৌজা, জে.এল. নম্বর, রেকর্ডের ধরন বা পুরানো-নতুন দাগ নম্বরের পার্থক্যও কারণ হতে পারে। তাই দলিলের তথ্যের সঙ্গে সরকারি রেকর্ডের তথ্য মিলিয়ে দেখুন।

প্রশ্ন ৬: দলিলে ভুল দাগ নম্বর থাকলে কি জমি বিক্রি করা যাবে?

উত্তর: জমি বিক্রির সময় ক্রেতা সাধারণত দলিল ও সরকারি রেকর্ড মিলিয়ে দেখেন। দাগ নম্বরে ভুল থাকলে রেজিস্ট্রেশন বা পরবর্তী মিউটেশনে সমস্যা তৈরি হতে পারে। তাই বিক্রির আগে ভুলটি যাচাই করে প্রয়োজন হলে সংশোধন করে নেওয়াই নিরাপদ।

প্রশ্ন ৭: দলিলে ভুল দাগ নম্বর থাকলে কি নিজে কলম দিয়ে ঠিক করা যায়?

উত্তর: না। রেজিস্ট্রি হয়ে যাওয়া দলিলে নিজে কলম দিয়ে দাগ নম্বর কেটে বা লিখে ঠিক করা উচিত নয়। ভুল থাকলে আইনসম্মত পদ্ধতিতে সংশোধন করতে হবে, যেমন প্রযোজ্য ক্ষেত্রে Rectification Deed করা।

প্রশ্ন ৮: বিক্রেতা দাগ নম্বর ঠিক করে দিতে না চাইলে কী করব?

উত্তর: আগে বিক্রেতার সঙ্গে বিষয়টি আলোচনা করে ভুলটির প্রমাণ দিয়ে দেখান। তিনি সহযোগিতা না করলে বিষয়টি জটিল হতে পারে। তখন জমির কাগজপত্র নিয়ে সম্পত্তি আইনজীবীর পরামর্শ নেওয়া এবং প্রয়োজনে দেওয়ানি আদালতে মামলা করে আইনি সমাধানের কথা ভাবতে হবে।

প্রশ্ন ৯: দাগ নম্বর ভুল হলে প্রথমে কোথায় যাব?

উত্তর: প্রথমে আপনার দলিল, পরচা এবং বর্তমান সরকারি রেকর্ড মিলিয়ে দেখুন। RS-LR পরিবর্তনের কারণে নম্বর আলাদা হয়েছে কি না সেটিও যাচাই করুন। এরপর ভুলটি সরকারি রেকর্ডে নাকি দলিলে, সেটি অনুযায়ী ব্যবস্থা নিন। দলিলের ভুল হলে প্রথমে সংশ্লিষ্ট ADSR অফিসে যোগাযোগ করে সংশোধনের প্রক্রিয়া সম্পর্কে জেনে নেওয়া যেতে পারে। আর সরকারি সরকারি রেকর্ডে ভুল থাকলে সংশ্লিষ্ট BL&LRO অফিসে যোগাযোগ করতে হবে। কোন নথিতে ভুল রয়েছে, তার ওপর পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে।

প্রশ্ন ১০: দাগ নম্বর ভুল ঠিক করতে কি Rectification Deed করতে হয়?

উত্তর: দলিলে সত্যিই দাগ নম্বরের ভুল থাকলে এবং সংশোধনের প্রয়োজন হলে অনেক ক্ষেত্রে Rectification Deed ব্যবহার করা হয়। তবে প্রতিটি মামলার তথ্য এক নয়। ভুলটি কীভাবে হয়েছে এবং দলিলের অন্য তথ্যের সঙ্গে জমিটি কীভাবে শনাক্ত হচ্ছে, তা দেখে সঠিক পদ্ধতি ঠিক করতে হবে।

শেষ কথা

জমির দাগ নম্বরে ভুল থাকা মানেই বড় বিপদ নয়—সঠিক ধাপ অনুসরণ করলে এটি সহজেই সংশোধন করা সম্ভব। প্রথমে Banglarbhumi পোর্টালে যাচাই করুন, ছোট ভুলের জন্য অনলাইন গ্রিভান্স করুন, আর প্রয়োজনে স্থানীয় BL&LRO অফিসের সাহায্য নিন। দলিলে ভুল থাকলে Rectification Deed করাতে ভুলবেন না। সময়মতো সঠিক পদক্ষেপ নিলে আপনার জমির রেকর্ড থাকবে সম্পূর্ণ নির্ভুল ও নিরাপদ। বড় ধরনের বিরোধ বা মালিকানা সংক্রান্ত সমস্যা থাকলে পেশাদার ব্যক্তির কাছ থেকে আইনি পরামর্শ নিন।

Digital Bhumi
Seikh

জমি-জমা, ভূমি রেকর্ড, সরকারি প্রকল্প ও নাগরিক পরিষেবা নিয়ে তথ্যভিত্তিক কনটেন্ট তৈরি করি। সরকারি ও নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য যাচাই করে সহজ ভাষায় তুলে ধরাই আমার লক্ষ্য, যাতে সাধারণ মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা ও আবেদন প্রক্রিয়া সহজে বুঝতে পারেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url