পশ্চিমবঙ্গ ফার্মার আইডি কার্ড: ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি ও লগইন করার নিয়ম
![]() |
| ফার্মার আইডি অ্যাকাউন্ট তৈরি ও লগইন করার সম্পূর্ণ নিয়ম জানুন। |
পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য ফার্মার আইডি কার্ড তৈরির কাজ চলছে জোরকদমে। সরকারি পোর্টালের মাধ্যমে West Bengal Farmer Registry থেকে আপনি ঘরে বসেই আবেদন করতে পারবেন। কিন্তু অনেকেই প্রথমে বুঝতে পারেন না, Farmer ID Card Apply করতে গেলে কী করতে হবে? আগে পোর্টালে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয়, তারপর লগইন করতে হয়। এই দুটি কাজ না করলে আবেদনের বা স্ট্যাটাস চেকের পেজে পৌঁছানোই যাবে না।
এই পোস্টে আমি শুধু এই দুটি ধাপই দেখাব ফার্মার আইডির জন্য অ্যাকাউন্ট তৈরি করা এবং লগইন করার নিয়ম।
অ্যাকাউন্ট খুলতে কি কি লাগবে?
অ্যাকাউন্ট খোলার আগে হাতের কাছে এগুলো প্রস্তুত রাখুন:
- আধার কার্ড: নিজের বা যে কৃষকের ফার্মার আইডি করছেন, তাঁর আধার নম্বর।
- আধারের সঙ্গে লিংক করা মোবাইল নম্বর: কারণ প্রতিটি ধাপে আধারের নম্বরে OTP আসবে। আধারের সঙ্গে মোবাইল নম্বর লিংক না থাকলে অনলাইনে আবেদন করতে পারবেন না।
- ইন্টারনেট সংযোগসহ একটি ল্যাপটপ বা কম্পিউটার: স্মার্টফোন থাকলেই আপনি সহজেই করতে পারবেন।
- একটি সচল মোবাইল নম্বর: যেটি আপনার কাছে সবসময় থাকে। এই নম্বরটিই পরে লগইন করতে লাগবে।
ফার্মার আইডি কী এবং কেন দরকার?
সহজ কথায়, ফার্মার আইডি কার্ড হলো একজন কৃষকের ডিজিটাল পরিচয়পত্র। অনেকটা আধার কার্ডের মতো, কিন্তু এটি শুধু কৃষিকাজের জন্য। এর মাধ্যমে সরকার সহজেই জানতে পারে যে কে সত্যিকারের কৃষক, তাঁর জমি পরিমাণ কতটুকু, আর জমিটি কোন জায়গায় আছে।
এর সবচেয়ে বড় সুবিধা হলো - সরকারি কৃষি প্রকল্পের সুবিধা এখন সঠিক কৃষকের হাতে পৌঁছাবে। আগে অনেক সময় প্রকল্পের টাকা বা সুবিধা ভুল লোকের কাছে চলে যাওয়ার প্রবণতা বেশি ছিল। ফার্মার আইডি চালু হওয়ার পর সেই সমস্যা অনেকটাই কমবে। পিএম কিষান, কৃষক বন্ধু, বা রাজ্যের অন্যান্য কৃষি সহায়তা প্রকল্পের সুবিধাভোগীদের জন্য এটি করিয়ে রাখা খুবই জরুরি।
ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করার ধাপ
প্রথমেই আপনার মোবাইলের ব্রাউজারের অ্যাড্রেস বারে wbfr.agristack.gov.in লিখে সার্চ করলে একটি পেজ খুলবে। পেজে বড় করে West Bengal Farmer Registry লেখা দেখতে পাবেন। এটাই পশ্চিমবঙ্গের এগ্রিস্ট্যাকের অফিসিয়াল পোর্টাল।
ধাপ ১: "Create New User Account" ক্লিক করুন
লগইন পেজ খোলার পর প্রথমে দেখে নিন উপরের দিকে 'Login as' অপশনে Farmer সিলেক্ট করা আছে কি না। যদি না থাকে, তাহলে ড্রপডাউন থেকে Farmer বেছে নিন। তারপর নিচের দিকে তাকান, সেখানে 'Create New User Account' নামে একটি বাটন থাকবে। সেটিতে ক্লিক করুন। এখান থেকেই নতুন অ্যাকাউন্ট তৈরির প্রক্রিয়া শুরু হবে।
ধাপ ২: আধার e-KYC
এবার যে পেজ আসবে, সেখানে আধার নিবের দিয়ে পরিচয় যাচাই করতে হবে।
- 'Enter your Aadhaar Number' লেখা ঘরটিতে কৃষকের বা আপনার ১২ সংখ্যার আধার নম্বরটি লিখুন। মনে রাখবেন - যে কৃষকের ফার্মার আইডি করছেন, তাঁরই আধার ব্যবহার করবেন।
- নিচে একটা সম্মতির (consent) বক্স থাকবে। সেখানে টিক দিন।
- তারপর Submit বাটনে ক্লিক করুন।
ধাপ ৩: আধারের OTP দিয়ে ভেরিফাই
Submit করার পর আধারের সঙ্গে লিংক করা মোবাইল নম্বরে একটি OTP চলে যাবে। সাধারণত এটি ৬ সংখ্যার হয়।
- 'Enter OTP' লেখা ঘরে সেই OTP বসান।
- তারপর Verify বাটনে ক্লিক করুন।
যদি OTP না আসে, তাহলে একটু ধৈর্য ধরুন। প্রায় ৩০ সেকেন্ড পর Resend OTP বাটনে চাপ দিলে আবার নতুন OTP আসবে। কিন্তু বারবার চাপবেন না, একটু সময় অপেক্ষা করুন।
ধাপ ৪: KYC তথ্য যাচাই
OTP ঠিকভাবে দিলে ভেরিফিকেশন সফল হবে। তখন স্ক্রিনে Verified OK লেখা দেখতে পাবেন। এর নিচে আধার অনুযায়ী আপনার তথ্য দেখাবে। যেমন -
- নাম
- লিঙ্গ
- জন্ম তারিখ ও বয়স
- অভিভাবকের নাম
- জেলা, গ্রাম ও পিন কোড
এই তথ্যগুলো ভালো করে মিলিয়ে দেখুন। যদি কোথাও ভুল থাকে, তাহলে সেটি আগে ঠিক করতে হবে। কারণ পরে আবেদনের সময় এই তথ্যই ব্যবহার হবে।
ধাপ ৫: মোবাইল নম্বর লিংক ও ভেরিফাই
এবার আপনার ব্যবহার করা মোবাইল নম্বরটি পোর্টালের সঙ্গে যুক্ত করতে হবে।
- নিচে 'Provide Mobile Number to Link with Agristack Platform' লেখা অংশ পাবেন। সেখানে আপনার মোবাইল নম্বরটি লিখুন।
- ওই নম্বরে আবার একটি OTP আসবে।
- পপ-আপ বক্সে সেই OTP টি বসিয়ে Verify করুন।
- নম্বরের নিচে Verified OK দেখালে বুঝবেন ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে।
মনে রাখবেন: এই নম্বরটিই পরে লগইনের সময় ব্যবহার হবে। তাই এমন নম্বর দিন যেটি আপনার কাছে সবসময় চালু থাকে এবং যেটি আপনি নিয়মিত ব্যবহার করেন। নম্বর বন্ধ হয়ে গেলে পরে লগইন করতে সমস্যা হবে।
ধাপ ৬: পাসওয়ার্ড তৈরি
এবার নিজের একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে।
- 'Enter New Password' ঘরে আপনার পছন্দের পাসওয়ার্ড দিন। কোন ধরনের পাসওয়ার্ড দিতে হবে তা জানতে পাশের (i) আইকনে ক্লিক করুন। সাধারণত বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা ও বিশেষ চিহ্ন মিলিয়ে পাসওয়ার্ড দিতে হয়।
- 'Confirm Password' ঘরে একই পাসওয়ার্ড আবার লিখুন। দুটো একই হতে হবে।
- শেষে 'Create My Account' বাটনে ক্লিক করুন।
সব ঠিক থাকলে সাকসেসফুল হওয়ার মেসেজ দেখাবে। OK তে ক্লিক করলে মূল পেজে ফিরে যাবেন।
পরামর্শ: পাসওয়ার্ডটি কোথাও নিরাপদে লিখে রাখুন। যেমন একটি ডায়েরিতে বা ফোনের নোটে। এই পাসওয়ার্ডটি অন্য কারো সাথে শেয়ার করবেন না।
ওয়েবসাইটে লগইন করার নিয়ম
অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে এখন লগইন করতে হবে। তার জন্য আবার এগ্রিস্ট্যাকের হোম পেজে যান। মনে রাখবেন নিরাপত্তার জন্য লগইনের সময়ও OTP আসে।
- 'Login as' অপশন থেকে Farmer সিলেক্ট করুন।
- 'Registered Mobile Number' ঘরে রেজিস্টার্ড মোবাইল নম্বরটি দিন।
- পাসওয়ার্ডের ঘরে আপনার বানানো পাসওয়ার্ড দিন।
- ছবিতে দেখানো Captcha কোডটি নিচের ঘরে লিখুন। Captcha হলো কিছু এলোমেলো অক্ষর বা সংখ্যা, যা মানুষ ঠিকভাবে পড়তে পারে কিন্তু কম্পিউটার পারে না। আপনি যদি বুঝতে না পারেন তাহলে পাশের রিফ্রেশ আইকনে ক্লিক করে নতুন কোড নিন।
- সব ঠিক থাকলে 'Log In' বাটনে ক্লিক করুন।
- আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে।
- 'Enter OTP' ঘরে সেটি বসান।
- আবার 'Log In' বাটনে ক্লিক করুন।
সাধারণ সমস্যা ও সমাধান
অ্যাকাউন্ট বানানো বা লগইন করার সময় কিছু সমস্যা প্রায় সবার হয়। নিচে সেগুলোর কিছু সমাধান নিচের টেবিলে দিলাম:
| সমস্যা | সমাধান |
|---|---|
| OTP আসছে না | কিছুক্ষণ (৩০ সেকেন্ড) অপেক্ষা করে 'Resend OTP' চাপুন। আধারের সঙ্গে সঠিক মোবাইল নম্বর লিংক আছে কি না দেখুন। না থাকলে নিকটস্থ আধার কেন্দ্রে গিয়ে লিংক করাতে হবে। |
| পাসওয়ার্ড ভুলে গেছেন | লগইন পেজের 'Forgot Password' অপশন ব্যবহার করুন। নতুন পাসওয়ার্ড তৈরি করার সুযোগ পাবেন। |
| ক্যাপচা ভুল হচ্ছে | রিফ্রেশ আইকনে ক্লিক করে নতুন কোড নিন। ক্যাপচা ভালো ভাবে দেখুন, বড় হাতের অক্ষরে জায়গায় ছোট হাতের অক্ষর দিলে হবে না। |
| KYC তথ্যে ভুল আছে | আবেদনের আগে পোর্টালের 'Update My Information' অপশন দিয়ে তথ্য ঠিক করে নিন। যদি আধারের তথ্যেই ভুল থাকে, তাহলে আগে আধার কার্ডের সংশোধন করতে হবে। |
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
প্রশ্ন: পশ্চিমবঙ্গে ফার্মার আইডি তৈরির ওয়েবসাইট কোনটি?
উত্তর: পশ্চিমবঙ্গের জন্য ফার্মার আইডি তৈরির অফিসিয়াল পোর্টাল হলো wbfr.agristack.gov.in।
প্রশ্ন: ফার্মার আইডি অ্যাকাউন্ট তৈরি করতে কী কী লাগে?
উত্তর: ফার্মার আইডি অ্যাকাউন্ট তৈরি করতে আধার নম্বর, আধারের সঙ্গে লিংক করা সচল মোবাইল নম্বরের প্রয়োজন হয়।
প্রশ্ন: অন্য কারও মোবাইল নম্বর দিয়ে ফার্মার আইডি অ্যাকাউন্ট খোলা যাবে?
উত্তর: না, যে মোবাইল নম্বরে OTP পাবেন, সেটি আপনার ব্যবহারযোগ্য হতে হবে। লগইনের সময়ও প্রতিবার ওই নম্বরে OTP আসতে পারে। তাই নিজের ব্যবহারযোগ্য মোবাইল নম্বর ব্যবহার করাই সবচেয়ে ভালো।
প্রশ্ন: ফার্মার আইডি অ্যাকাউন্ট তৈরি করতে কোনো টাকা লাগে?
উত্তর: না, ফার্মার আইডি অ্যাকাউন্ট তৈরি করা সম্পূর্ণ বিনামূল্যে। কোনো ওয়েবসাইট বা ব্যক্তি টাকা চাইলে সতর্ক থাকুন এবং আগে অফিসিয়াল পোর্টালে তথ্য যাচাই করুন।
প্রশ্ন: ফার্মার আইডি অ্যাকাউন্ট তৈরি হয়েছে কি না কীভাবে বুঝব?
উত্তর: পাসওয়ার্ড সেট করার পর অ্যাকাউন্ট তৈরি সফল হয়েছে বলে মেসেজ এলে বুঝবেন প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। এরপর মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অ্যাকাউন্টটি যাচাই করুন।
শেষ কথা
আমি তিন বছর ধরে পশ্চিমবঙ্গের জমি-জমা ও সরকারি প্রকল্প নিয়ে কাজ করছি। ভূমি পোর্টালের কাজগুলো নিজে দেখি, সরকারি নোটিস মিলিয়ে দেখি, তারপর সহজ ভাষায় লিখি। যাতে সাধারণ মানুষ নিজেই আবেদন করতে পারেন।






